দিনের আলোতেই মাদারিহাটে দাঁতাল হাতির তাণ্ডব

0
31

আলিপুরদুয়ার: দিনের আলোতেই মাদারিহাটে দাঁতাল হাতির তাণ্ডব

আলিপুরদুয়ার :দিনের আলোতেই লোকালয়ে ঢুকে দাপিয়ে বেড়াল একটি বিশাল দাঁতাল হাতি। সোমবার সকাল সকাল আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের একাধিক এলাকায় হাতিটির উপস্থিতিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হাতির গতিবিধি ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে মাদারিহাটের মেঘনাথ সাহা নগর এলাকায় চলে আসে দাঁতাল হাতিটি। সেখান থেকে হাতিটি প্রধান নগর এলাকায় প্রবেশ করে। এরপর ওই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় হাতিটি। পরে হাতিটি ছেকামাড়ি গ্রামে প্রবেশ করে এবং সেখানেও দাপিয়ে বেড়ায়। দিনের আলোয় এভাবে একের পর এক জনবসতিপূর্ণ এলাকায় দাঁতাল হাতির বিচরণে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জলদাপাড়া বনদপ্তরের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন তাঁরা। বনকর্মীদের প্রচেষ্টায় দাঁতাল হাতিটিকে জাতীয় সড়ক পার করিয়ে শেষ পর্যন্ত জঙ্গলে প্রবেশ করানো সম্ভব হয়।