আগামীকাল মালদায় আসছেন রাজ্যের মুখ্য সচিব। নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধান কিভাবে সম্ভব তা নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন তিনি। তার আগে জেলা শাসকের উপস্থিতিতে সমস্ত দপ্তরকে নিয়ে বৈঠক করা হয়।মানিকচক ব্লকের বন্যা ও ভাঙন বিধ্বস্ত ভূতনি যাওয়ার কথা রয়েছে তার। আর মুখ্য সচিবের এই সফরের মাঝে ভুতনিকে নতুন ব্লক করার দাবি বিজেপি বিধায়ক গৌর চন্দ্র মন্ডলের।
নদী ভাঙন মালদায় ফি বছরের সমস্যা। একদিকে গঙ্গা অন্যদিকে ফুলহার নদীর ভাঙনে প্রতিবছর সর্বস্ব হরান বহু মানুষ। মূলত মানিকচক, রতুয়া ১, কালিয়াচক ৩ এবং ইংলিশ বাজার ও কালিয়াচক দু’নম্বর ব্লকের একাংশ প্রতিবছর ভাঙনের সম্মুখীন হয়।। চলতি বছরে গঙ্গার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল ভুতনির বিস্তীর্ণ এলাকা। বন্যার কবলে পড়েছিল রতুয়া এক নম্বর ব্লকের কাটাহা দিয়ারা। এবং কালিয়াচক তিন নম্বর ব্লকের বেশ কিছু এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছিল। মালদা এসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
এবারে সেই স্থায়ী সমাধানের দিশা খুঁজতে মালদা আসছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। প্রশাসন সূত্রে খবর ভূতনি এলাকা পরিদর্শন করবেন তিনি। এরপর মানিকচকে সেচ দপ্তর, পি এইচ ই, ইলেকট্রিক, পিডব্লিউডি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন।
আর মুখ্য সচিবের এই সফরের আগে ভুতনিকে নতুন ব্লক করার দাবি জানালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল। ইতিমধ্যে জেলাশাসককে লিখিতভাবে সেই আবেদন জানিয়েছেন তিনি। ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আরো দুই একটি গ্রাম পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করে নতুন ব্লকের প্রস্তাব পাঠিয়েছেন বিজেপি বিধায়ক।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মুখ্য সচিবের মালদা সফরের আগে ভুতনিকে ব্লক করার দাবি বিজেপি বিধায়কের






















