প্রাক্তন DSP-র বাড়ি থেকে মন্দির ও স্কুল -চুরি যাওয়া সামগ্রী উদ্ধার,গ্রেপ্তার ৩

0
26

প্রাক্তন DSP-র বাড়ি থেকে মন্দির ও স্কুল -চুরি যাওয়া সামগ্রী উদ্ধার,গ্রেপ্তার ৩

শিলিগুড়ি:-

_শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকায় পরপর তিনটি চুরির ঘটনার কিনারা করল পুলিশ।প্রাক্তন ডিএসপি-র বাড়ি,একটি বাড়ির মন্দির সহ একটি প্রাথমিক স্কুলে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী।পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত অগস্টে পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন প্রাক্তন ডিএসপি হেমন্ত দাস।সেই সময় শিবমন্দিরের সারদা পল্লি এলাকায় তাঁর ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে।গত ২৩ শে অগস্ট বাড়ি থেকে সোনা-রুপোর সামগ্রী ও পিতলের জিনিসপত্র চুরি যায় বলে অভিযোগ।পরে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ রাজগঞ্জের বাসিন্দা ধীরাজ সাউকে গ্রেপ্তার করে।গত ২৯শে সেপ্টেম্বর তাকে গ্রেপ্তারের পর ৩০শে সেপ্টেম্বর শিলিগুড়ি আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চুরি করা সামগ্রী মাটিগাড়া বাইপাসের ধারের একটি ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছিল। এরপর দোকানের মালিক গুলশান খাতুনকেও গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।তাঁর কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীর কিছু অংশ উদ্ধার হয়েছে।বৃহস্পতিবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।অন্য একটি ঘটনায়,গত ২৮শে সেপ্টেম্বর চৌরঙ্গী মোড় এলাকার একটি বাড়ির ভিতরের মন্দির থেকে তামা ও রুপোর গণেশ মূর্তি-সহ পিতলের পুজোর সামগ্রী চুরির অভিযোগ ওঠে।বাড়ির মালিক অরবিন্দ সরকার মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে অনিলনগরের বাসিন্দা শুভম রায়কে গ্রেপ্তার করে পুলিশ।পেশায় রংমিস্ত্রি শুভমকে অটোস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করার সময় আটক করা হয়।আদালতের নির্দেশে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে,জেরায় চুরির কথা স্বীকার করে ধৃত।তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পিছনের জঙ্গল সংলগ্ন একটি গলি থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়।তিন দিনের হেফাজত শেষে বৃহস্পতিবার তাকে ফের আদালতে পেশ করা হয়।এদিকে,একটি প্রাথমিক স্কুলে চুরির ঘটনাতেও সাফল্য পেয়েছে মাটিগাড়া থানার পুলিশ।গত জুন মাসে স্কুলের মিড-ডে মিল রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার চুরি যায়।স্কুলের এক শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন।তদন্তে মাটিগাড়ার ক্ষুদিরাম পল্লির বাসিন্দা পিয়ূষ সাহাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে,তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারটি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।পরপর তিনটি চুরির ঘটনায় তদন্ত চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করায় মাটিগাড়া থানার পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে।_