চা বাগানে আগুনে শ্রমিকের বাড়ি পুড়ে ছাই, মাথার উপর ছাদ হারিয়ে অসহায় পরিবার

0
26

আলিপুরদুয়ার : চা বাগানে আগুনে শ্রমিকের বাড়ি পুড়ে ছাই, মাথার উপর ছাদ হারিয়ে অসহায় পরিবার

হাসিমারার বীচ চা বাগানের টপ লাইন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক চা শ্রমিক পরিবারের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। আগুনের ঘটনায় বাড়িতে থাকা প্রায় সমস্ত জিনিসপত্রও পুড়ে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় বর্তমানে মাথার উপর ছাদ হারিয়ে অসহায় অবস্থায় রয়েছে পরিবারটি।

জানা গিয়েছে, বীচ চা বাগানের টপ লাইন এলাকার বাসিন্দা বুদ্ধ লামার বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে গোটা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়।

স্থানীয়রা তৎক্ষণাৎ আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং খবর দেওয়া হয় দমকল বিভাগে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বাড়িতে জ্বালানো প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার সময় বুদ্ধ লামার স্ত্রী চা বাগানে কাজে গিয়েছিলেন। সেই সময় ফোনে তিনি জানতে পারেন যে তাঁর বাড়িতে আগুন লেগেছে। অন্যদিকে, বুদ্ধ লামা বর্তমানে কাজের সন্ধানে বাড়ির বাইরে রয়েছেন।

আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বাড়ির অধিকাংশ জিনিসপত্র বের করে আনার সুযোগই পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং পুলিশ প্রশাসনের কর্মীরা। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাড়ি এবং বাড়ির ভিতরে থাকা অধিকাংশ সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।