ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু যুবকের গুরুতর জখম মাসতুতো ভাই, পুলিশের গাড়িকে ঘিরে পরিবারের দাবি খারিজ সিসিটিভিতে

0
23

ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু যুবকের
গুরুতর জখম মাসতুতো ভাই, পুলিশের গাড়িকে ঘিরে পরিবারের দাবি খারিজ সিসিটিভিতে
শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ১ অক্টোবর। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন তাঁর মাসতুতো ভাই। মৃত যুবকের নাম আশিস রায় (২৪)। আহত তন্ময় হালদার (২২)। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে গঙ্গারামপুর শহরের পুরসভা সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে। দু’জনেরই বাড়ি গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশিস গঙ্গারামপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন। এদিন মোটরবাইকে চেপে আশিস ও তাঁর মাসতুতো ভাই তন্ময় শুকদেবপুর থেকে কর্মস্থলের উদ্দেশে গঙ্গারামপুরে আসছিলেন। নার্সিংহোমে পৌঁছনোর আগেই পুরসভা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ৫১২ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার জেরে দু’জনেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ডিভাইডারের অপর প্রান্তে থাকা একটি পুলিশের গাড়িও সেখান থেকে বেরিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও গঙ্গারামপুর থানার পুলিশের সহায়তায় আশিস ও তন্ময়কে দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আশিসকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম তন্ময়ের চিকিৎসা শুরু হয়।
এদিকে, দুর্ঘটনার পর মৃতের পরিবারের তরফে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কার জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। তবে পুলিশের দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ফুটেজে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের আত্মীয়-স্বজন হাসপাতালে এসে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। মর্মান্তিক এই ঘটনায় শুকদেবপুর-সহ গঙ্গারামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।