কুনোরের মাটিতে দেবীর রূপ, কলকাতার বাজারে পাড়ি দিচ্ছে টেরাকোটা দুর্গাপ্রতিমা

0
30

মাটি তো কেবল একখণ্ড মাটি নয়, শিল্পীর নিপুণ হাত আর আগুনের আঁচে সেই মাটিই প্রাণ পায়, রূপ নেয় মহাশক্তি দেবী দশভূজার।​উত্তর দিনাজপুর জেলার মুস্তাফানগর অঞ্চলের ঐতিহ্যবাহী কুনোর হাটপাড়া টেরাকোটা গ্রাম। সেখানকার শিল্পী দুলাল রায়-এর নিখুঁত কারুকাজে গড়া ছোট ছোট টেরাকোটা দুর্গাপ্রতিমা এবার জেলা পেরিয়ে পাড়ি দিচ্ছে কলকাতার বাজারে।দেবী দুর্গার সাথে তৈরি হচ্ছে পুরো পরিবার—কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। সাধারণ মাটি কীভাবে দুলাল রায়ের ছোঁয়ায় দেবীর অপরূপ মূর্তিতে রূপান্তরিত হয়, তা ইতিমধ্যেই নজর কেড়েছে শিল্পরসিক ও ক্রেতাদের।বাঙালির দুর্গাপূজার আবেগের সাথে মিশে রয়েছে এই শিল্পকর্ম। এই টেরাকোটা মূর্তিগুলো একদিকে যেমন বড় বড় পূজা মণ্ডপের শোভা বাড়াবে, অন্যদিকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় পুজোর শুভেচ্ছা ও স্মারক উপহার হিসেবে দেওয়া হবে।স্থানীয় মৃৎশিল্পীদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আজ সার্থকতা পাচ্ছে। উত্তর দিনাজপুরের কুনোরের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প আজ নিজস্ব গণ্ডি ছাড়িয়ে প্রসারিত হচ্ছে বৃহত্তর বাজারে।
​পুজোর মুখে কলকাতায় টেরাকোটা প্রতিমার এই বিপুল চাহিদা দেখে অত্যন্ত আনন্দিত ও আশাবাদী শিল্পী দুলাল রায়। মাটির টানে আর শিল্পীর দক্ষতায় কুনোরের এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প বেঁচে থাকুক চিরকাল।