গলায় দড়ি, দেহ মাটিতে! বিশ্বাসপাড়ায় রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

0
5

গলায় দড়ি, দেহ মাটিতে! বিশ্বাসপাড়ায় রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় গলায় দড়ি জড়ানো অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনা আত্মহত্যা, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে—তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অশোক দাস ( ৫০)। তাঁর বাড়ি বালুরঘাটের বঙ্গি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার সকালে বিশ্বাসপাড়ার একটি গলিতে গলায় দড়ি জড়ানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। প্রত্যক্ষদর্শীদের কথায়, দড়ির একটি অংশ পাশের একটি গাছের সঙ্গে বাঁধা ছিল। ঘটনাটি চোখে পড়তেই এলাকায় ভিড় জমে যায় এবং খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলের পরিস্থিতি ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি আত্মহত্যার ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সেই দিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।