রাতের অন্ধকারে পাচারের আগে উদ্ধার ঘোড়া,গঙ্গারামপুরে চাঞ্চল্য, দিল্লি থেকে খোঁজ নিলেন মানেকা গান্ধী,
পুলিশ ও প্রশাসনের তৎপরতা, নিরাপদ আশ্রয় নিয়ে ধোঁয়াশা— কৌতূহলী মানুষের ভিড় উদ্ধার হওয়া ঘোড়াকে ঘিরে।
শীতল চক্রবর্তী বালুরঘাট ২ জুলাই।রাতের অন্ধকারে পাচারের আগেই উদ্ধার হল একটি ঘোড়া। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মহারাজপুর পাটন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া ঘোড়াটির বর্তমান অবস্থা জানতে দিল্লি থেকে খোঁজ নেন প্রাক্তন সাংসদ মেনকা গান্ধী। ঘোড়াটিকে নিরাপদে রাখার জন্য তৎপর হয়েছে পুলিশ ও ব্লক প্রশাসন। তবে স্থায়ীভাবে কোথায় রাখা হবে, তা এখনও নির্দিষ্ট না হওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মহারাজপুর পাটন এলাকায় এক ব্যক্তিকে একটি ঘোড়া নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ঘোড়ার ডাক শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এলে পরিস্থিতি বেগতিক বুঝে ওই ব্যক্তি ঘোড়াটিকে ফেলে পালিয়ে যায়।পরে এলাকার বাসিন্দারা ঘোড়াটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা মহাদেব দে বাড়িতে নিরাপদে রাখেন।
বৃহস্পতিবার সকাল থেকেই উদ্ধার হওয়া ঘোড়াটিকে দেখতে এলাকার কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে বিষয়টি গঙ্গারামপুর থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মহারাজপুর এলাকার বাসিন্দা মহাদেব দে বলেন,”গভীর রাতে এমন পশুর শব্দ পেয়ে আমরা তড়িঘড়ি গ্রামবাসীরা বেরিয়ে এসে দেখতে পাই একটি ঘোড়া রয়েছে। পরে প্রশাসনকে তা জানানো হয়। পাচারের উদ্দেশ্যে তা জড়ো করা হয়েছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখে সে দাবি জানাই।” একইসঙ্গে খবর যায় দক্ষিণ দিনাজপুর জেলা পশুকল্যাণ বোর্ডের আধিকারিক ব্রতীন চক্রবর্তীর কাছেও।ঘটনার গুরুত্ব বুঝে দিল্লি থেকে ঘোড়াটির শারীরিক অবস্থা ও নিরাপত্তা সম্পর্কে খোঁজ নেন প্রাক্তন সাংসদ মানেকা গান্ধীও।
বর্তমানে ঘোড়াটিকে নিরাপদে রাখার জন্য পুলিশ ও ব্লক প্রশাসন উদ্যোগী হলেও, স্থায়ীভাবে কোথায় রাখা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। পশুকল্যাণ বোর্ডের আধিকারিক ব্রতীন চক্রবর্তীর বলেন”, বিষয়টি তার নজরে রয়েছে তিনি খোঁজ নিয়ে দেখছেন কি করা যায়।” এদিকে,ঘোড়াটি কীভাবে সেখানে এল,পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল কি না এবং এর সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া ঘোড়াটিকে ঘিরে যেমন মানুষের কৌতূহল বাড়ছে, তেমনই পাচারচক্রের সম্ভাব্য যোগসাজশ নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসনের।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর রাতের অন্ধকারে পাচারের আগে উদ্ধার ঘোড়া,গঙ্গারামপুরে চাঞ্চল্য, দিল্লি থেকে খোঁজ নিলেন মানেকা...























