আট বছরেও বাড়েনি ভাতা, জেলাশাসকের দফতরে প্রতিবন্ধীদের হুঁশিয়ারি

0
25

আট বছরেও বাড়েনি ভাতা, জেলাশাসকের দফতরে প্রতিবন্ধীদের হুঁশিয়ারি

বালুরঘাট, ৩ জুলাই —- মূল্যবৃদ্ধির বাজারে এক হাজার টাকার ভাতায় জীবনযাপন কার্যত অসম্ভব—এই অভিযোগ তুলে মাসিক প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকা করার দাবিতে পথে নামলেন সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা। শুক্রবার বালুরঘাটে বিক্ষোভ মিছিল করে জেলাশাসকের দফতরে ১১ দফা দাবিসংবলিত স্মারকলিপিও জমা দেন তাঁরা।
সংগঠনের অভিযোগ, ২০১৮ সালে প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে এক হাজার টাকায় উন্নীত হলেও তারপর আর কোনও বৃদ্ধি হয়নি। অথচ অন্যান্য সামাজিক ভাতার পরিমাণ একাধিকবার বেড়েছে। ফলে সরকারের বৈষম্যমূলক মনোভাবের শিকার হচ্ছেন সমাজের সবচেয়ে অসহায় মানুষরাই। শারীরিক সীমাবদ্ধতার কারণে অধিকাংশ প্রতিবন্ধীর স্থায়ী কর্মসংস্থান না থাকায় বর্তমান ভাতায় সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে বলে দাবি আন্দোলনকারীদের।
শুধু ভাতা বৃদ্ধি নয়, প্রকৃত দরিদ্র প্রতিবন্ধীদের এ.এ.ওয়াই রেশন কার্ড প্রদান, সমস্ত শ্রেণির প্রতিবন্ধীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা, দুস্থদের বিদ্যুৎ বিল সম্পূর্ণ মুকুব-সহ একাধিক দাবি তুলে ধরেন তাঁরা।
এদিনের কর্মসূচিতে অন্ধ, মানসিক, অস্থি-প্রতিবন্ধী এবং মূক ও বধির—বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীরা অংশ নেন। সংগঠনের পক্ষে নারায়ণ মহন্ত অভিযোগ করেন, ভোট ব্যাঙ্কের কথা ভেবে সরকার অন্য ভাতা বাড়ালেও প্রতিবন্ধীদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। তাঁর হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে অনশন-সহ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।