ডিমের দাম বৃদ্ধিতে চাপে অঙ্গনওয়াড়ি কর্মীরা, বরাদ্দ বাড়ানো বা ডিম বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ-ডেপুটেশন
শীতল চক্রবর্তী হরিরামপুর ৩ জুলাই দক্ষিণ দিনাজপুর। একদিকে যখন শাসকদলের কর্মী সমর্থকরা বিভিন্ন অভিযোগ তুলে তৃণমূল নেতাকর্মীদের ডিম থেরাপি দিচ্ছে তখন সে ডিমের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা।বাজারে ডিমের দাম লাগামছাড়া বাড়ায় চরম সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বহু কর্মীরা বলে অভিযোগ। সরকারের নির্ধারিত বরাদ্দে ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তুলে শুক্রবার তাঁরা হরিরামপুর ব্লক আইসিডিএস দপ্তরে ডেপুটেশন জমা দেন। পাশাপাশি, বরাদ্দ বৃদ্ধি না হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের তালিকা থেকে ডিম বাদ দেওয়ার দাবিও জানান।
অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, বর্তমানে প্রতিটি ডিমের জন্য সরকারিভাবে ৬ টাকা বরাদ্দ রয়েছে। অথচ বাজারে একটি ডিমের দাম বেড়ে ৮থেকে ৮ টাকা ৫০ পয়সা হয়েছে। ফলে সরকারি নির্দেশ মেনে শিশু ও গর্ভবতী মায়েদের ডিম দিতে গিয়ে তাঁদের নিজেদের বেতনের টাকা খরচ করতে হচ্ছে। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
হরিরামপুরের অঙ্গনওয়াড়ি কর্মী নুপুর চক্রবর্তী ও জহরত অন্বেষা বলেন,” বর্তমানে সরকারের বরাদ্দে ডিম কেনা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে নিজেদের বেতনের টাকা দিয়ে ডিম কিনতে হচ্ছে। তাই আমরা দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে বরাদ্দ বাড়ানোর অথবা আপাতত ডিম সরবরাহ বন্ধ রাখার দাবি জানিয়েছি। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।”
এবিষয়ে হরিরামপুর ব্লকের সিডিপিও সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি।
হরিরামপুরের বিডিও অত্রি চক্রবর্তী জানান, “অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবিপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য জানানো হবে।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ডিমের দাম বৃদ্ধিতে চাপে অঙ্গনওয়াড়ি কর্মীরা, বরাদ্দ বাড়ানো বা ডিম বাদ দেওয়ার...

























