অসুস্থতা থামিয়ে দেয় চিন্তার চাকা, সুস্থ জীবনের চাবিকাঠি যোগ — আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা স্বামী সত্যধর্মানন্দজির

0
26

অসুস্থতা থামিয়ে দেয় চিন্তার চাকা, সুস্থ জীবনের চাবিকাঠি যোগ — আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা স্বামী সত্যধর্মানন্দজির

বালুরঘাট, ২১ জুন —– আন্তর্জাতিক যোগ দিবসের মঞ্চ থেকে সুস্থ জীবন ও মানসিক শক্তির গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বালুরঘাট রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি সত্যধর্মানন্দজি মহারাজ। তাঁর বক্তব্য, অসুস্থতা মানুষের চিন্তাশক্তিকে স্তব্ধ করে দেয়। তাই শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাসের কোনও বিকল্প নেই।
রবিবার বালুরঘাটের গুলমোহরে ‘বি ব্লেসড যোগা’-র উদ্যোগে আয়োজিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের বালুরঘাট শাখার স্বামী বিষ্ণুরূপানন্দজি মহারাজও। অনুষ্ঠানে যোগের শারীরিক ও মানসিক উপকারিতা নিয়ে বিশদে আলোচনা করেন দুই সন্ন্যাসী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বি ব্লেসড যোগা’-র কর্ণধার শুভ্রা কুণ্ডু-সহ শতাধিক মহিলা। মনোযোগ সহকারে স্বামীজিদের বক্তব্য শোনেন তাঁরা। বক্তব্য রাখতে গিয়ে স্বামী সত্যধর্মানন্দজি বলেন, সুস্থ শরীরই সুস্থ চিন্তার ভিত্তি। আর সেই সুস্থতার পথ প্রশস্ত করে নিয়মিত যোগচর্চা।

অন্যদিকে শুভ্রা কুণ্ডুর বক্তব্য, শরীর ও মন—দুইয়েরই ভারসাম্য রক্ষা করতে পারে যোগ। তাই প্রতিদিন অন্তত ৩০ মিনিট যোগাভ্যাসকে জীবনের অঙ্গ করে তোলা উচিত।

যোগ দিবসের এই আয়োজন থেকে যেন একটাই বার্তা প্রতিধ্বনিত হলো—সুস্থ জীবনের পথে এগোতে চাইলে যোগকে শুধু একটি দিনের উদযাপন নয়, প্রতিদিনের অভ্যাসে পরিণত করতেই হবে।