যোগের মঞ্চে চমক, নজর কাড়ল বালুরঘাট যোগা সেন্টার
আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে এবার অভিনবত্বের ছাপ রাখল বালুরঘাট যোগা সেন্টার। রবিবার শহরের নাট্যতীর্থে আয়োজিত প্রদর্শনীতে শুধু প্রচলিত যোগাসনই নয়, সদস্যদের একাধিক মনোমুগ্ধকর পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। ছোট থেকে বড়— বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের নিখুঁত সমন্বয় ও শারীরিক দক্ষতার প্রদর্শন হাততালি কুড়িয়েছে বারবার।
অনুষ্ঠানে যোগের শারীরিক ও মানসিক উপকারিতার বার্তাও তুলে ধরা হয়। বালুরঘাট যোগা সেন্টারের কর্ণধার ময়ুরাক্ষী ঘোষ বলেন, যোগ দিবস কেবল একটি বিশেষ দিনের উদযাপন নয়। প্রতিদিনের নিয়মিত যোগাভ্যাস মানুষের জীবনযাত্রা, মানসিক শক্তি ও শারীরিক সক্ষমতায় আমূল পরিবর্তন আনতে পারে।
রঙিন পরিবেশনা, শৃঙ্খলাবদ্ধ উপস্থাপনা এবং সুস্থ জীবনের বার্তায় ভরপুর এই অনুষ্ঠান আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে শহরবাসীর কাছে হয়ে উঠল এক বিশেষ আকর্ষণ।























