স্বস্তির বৃষ্টিই ডেকে আনল মৃত্যু! মাথায় খড় নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর

0
76

স্বস্তির বৃষ্টিই ডেকে আনল মৃত্যু! মাথায় খড় নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর

বালুরঘাট, ৪ জুন —– তীব্র গরমে হাঁসফাঁস করা দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার বিকেলের বৃষ্টি এনে দিয়েছিল কিছুটা স্বস্তি। কিন্তু সেই বৃষ্টির সঙ্গেই নেমে এল এক মর্মান্তিক বিপর্যয়। বজ্রাঘাতে মৃত্যু হল তপনের এক গৃহবধূর। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম সন্ধ্যা রায় (৪০)। তিনি তপন থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাড়পুকুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মাঠ থেকে মাথায় খড় নিয়ে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা দেবী। ঠিক সেই সময় আকাশ চিরে নেমে আসে তীব্র বজ্রপাত। মুহূর্তের মধ্যে বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের মানুষ ও পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এক মুহূর্তের বজ্রপাত কেড়ে নিল একটি প্রাণ, ছিন্নভিন্ন করে দিল একটি পরিবার। স্বস্তির বৃষ্টির বিকেল মুহূর্তেই বদলে গেল শোকের সন্ধ্যায়। ঝাড়পুকুর গ্রামে এখন শুধু কান্না আর নিস্তব্ধতা।