রেশনে নিম্নমানের গম সরবরাহের অভিযোগ, উন্নত খাদ্যশস্যের দাবিতে সরব ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩০ মে দক্ষিণ দিনাজপুরঃ- রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের হাতে উন্নত মানের খাদ্যশস্য পৌঁছে দেওয়ার দাবিতে সরব হল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। রেশনে সরবরাহ করা গমের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি।
শনিবার দুপুর ২টো নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আয়োজিত এক কর্মসূচিতে এই দাবি তুলে ধরেন সংগঠনের রাজ্য সভাপতি কমলেশ ফৌজদার। তিনি জানান, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী ও উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি রেশন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।সম্প্রতি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রেশনে আটার পরিবর্তে গম সরবরাহের ঘোষণা করেন। সেই ঘোষণার পর বিভিন্ন রেশন দোকানে গম পৌঁছাতে শুরু করেছে।
তবে সংগঠনের অভিযোগ, বর্তমানে রেশন দোকানগুলিতে যে চাল ও গম সরবরাহ করা হচ্ছে তার মান সন্তোষজনক নয়। এর ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে রেশন ডিলারদের উপর।
এদিন কমলেশ ফৌজদার বলেন, “রেশন ডিলাররা সরকারের নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। কিন্তু নিম্নমানের খাদ্যশস্য বিতরণ করতে হলে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হবে তাঁদেরই। তাই অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে উন্নত মানের গম সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন।”
তিনি আরও জানান, এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি জানানো হয়েছে। রেশন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে খাদ্যশস্যের গুণগত মান উন্নয়নের উপর জোর দিয়েছে সংগঠন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের গঙ্গারামপুর থানা কমিটির সম্পাদক ওম প্রকাশ কানু-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাঁরা সকলেই রেশনের মাধ্যমে উন্নত মানের খাদ্যশস্য সরবরাহের দাবিতে সরব হন। গম দেবার ফলে তা কোথায় ভাঙাতে হবে তা নিয়েও গ্রাহকেরা তা ভাঙানোর জন্য উপযুক্ত মিল না থাকায় সমস্যায় পড়েছে গ্রাহকেরা বলে রেশন সংগঠন তরফে জানানো হয়।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর রেশনে নিম্নমানের গম সরবরাহের অভিযোগ, উন্নত খাদ্যশস্যের দাবিতে সরব ফেয়ার প্রাইস শপ...

























