হাসপাতাল থেকে বেপাত্তা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী! নিরাপত্তা নিয়ে তোলপাড়

0
40

হাসপাতাল থেকে বেপাত্তা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী! নিরাপত্তা নিয়ে তোলপাড়

বালুরঘাট, ৩০ মে —– চিকিৎসার জন্য জেল থেকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু কয়েক মুহূর্তের অসতর্কতার সুযোগেই কার্যত হাওয়া হয়ে গেল ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দি। শুক্রবার বালুরঘাট জেলা হাসপাতাল থেকে বন্দির এই রহস্যজনক পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জুড়ে। প্রশ্নের মুখে পড়েছে সংশোধনাগার ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক বন্দির নাম লিটন সরকার। তপন থানার বাসিন্দা লিটন ২০১২ সালের একটি ধর্ষণ মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। এদিন চিকিৎসার প্রয়োজনে আরও ১৩ জন বন্দির সঙ্গে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
অভিযোগ, হাসপাতালের ভিড় এবং ব্যস্ততার সুযোগ নিয়ে আচমকাই নজরদারির ফাঁক গলে পালিয়ে যায় সে। বন্দিদের গণনা করতে গিয়েই বিষয়টি ধরা পড়ে। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বর ও সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি।
কীভাবে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি নিরাপত্তার বলয় ভেঙে হাসপাতাল থেকে পালাতে সক্ষম হল, তা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর।