নয়াবাজারে বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পথ অবরোধ, দুর্ভোগে পরেই সাধারণ মানুষজন এমন আন্দোলনে সামিল

0
29

নয়াবাজারে বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পথ অবরোধ, দুর্ভোগে পরেই সাধারণ মানুষজন এমন আন্দোলনে সামিল, প্রশাসনের আশ্বাসে উঠলো অবরোধ
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৫মে দক্ষিণ দিনাজপুর :-সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে যাওয়ার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার দুপুরে ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার গোপালপুর গ্রাম এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস।এলাকায় জল নিকাশির জন্য কয়েক বছর আগে একটি নর্দমা তৈরি করা হলেও,গ্রামবাসীদের অভিযোগ অপরিকল্পিতভাবে সেই নর্দমা নির্মাণের ফলে রাস্তা নিচু হয়ে গিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে যায় এবং যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হয়।
রবিবার রাতভর বৃষ্টির জেরে সোমবার সকাল থেকেই গোপালপুর গ্রামের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এর প্রতিবাদে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তপন–গঙ্গারামপুর রুটের নয়াবাজার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
অবরোধের জেরে তপন, গঙ্গারামপুর, বালুরঘাট সহ দূরদূরান্তগামী বহু যানবাহন আটকে পড়ে।দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীরা।
স্থানীয় বাসিন্দা গোপাল অধিকারী অভিযোগ করে বলেন,“১৫ বছরের সরকার চলেছে, কিন্তু উন্নয়ন কিছুই হয়নি। বাধ্য হয়েই এবার আন্দোলনের পথে নামতে হল।”
এক গৃহবধূও ক্ষোভ প্রকাশ করে জানান,”বৃষ্টির সময় এলাকায় জল জমে থাকায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।”
ঘটনার খবর পেয়ে বেলা ১টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর বেলা দেড়টা নাগাদ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এবিষয়ে গঙ্গারামপুর ব্লক প্রশাসন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।