কাটমানির জালে প্রাক্তন পুর চেয়ারম্যান, বুনিয়াদপুরে তৃণমূল নেতা কমল সরকার গ্রেপ্তার

0
119

কাটমানির জালে প্রাক্তন পুর চেয়ারম্যান, বুনিয়াদপুরে তৃণমূল নেতা কমল সরকার গ্রেপ্তার
শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর, ২১ মে:রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একের পর এক দুর্নীতির অভিযোগে শাসকদলের নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলাতেও গত কয়েক মাসে একাধিক তৃণমূল পদাধিকারীর গ্রেপ্তারির ঘটনা সামনে এসেছে। এবার জমি সংক্রান্ত কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল জেলা কমিটির সদস্য কমল সরকার। ঘটনাকে কেন্দ্র করে বুনিয়াদপুর সহ গোটা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত একটি সমস্যার সমাধানের নাম করে প্রায় ১৫লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে কমল সরকারের বিরুদ্ধে।এই ঘটনায় বুধবার বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপেন্দ্র সরকার নামে এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বংশীহারী থানার পুলিশ।প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই অভিযুক্ত প্রাক্তন পুর চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুর প্রায় দু’টো নাগাদ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ এবং আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখতে পুলিশ আদালতের কাছে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়।যদিও বিচারক অভিযুক্তের ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগকারী উপেন্দ্রনাথ সরকারের দাবি ,”জায়গার বিষয়ে তিনি আমার কাছে ভুল চেয়েছিলেন। সেই ঘটনাই অভিযোগ জানানো হয়েছে।পুলিশ তদন্ত করলেই সব প্রমাণ পাবে।” পুলিশ জানিয়েছে প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে,পুরো ঘটনার তদন্ত চলছে।”
ঘটনার পর থেকেই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা শুরু হয়েছে। জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন,”পুলিশের কাছে অভিযোগ থাকায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত করলেই সব প্রমাণ হবে।” বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব মিত্রের দাবি,”বিভিন্ন জায়গায় কর্মীদের মিথ্যে মামলায় ভাষা হচ্ছে। কমল সরকারের ক্ষেত্রে ঘটনাটির সত্যতা নেই।দলকে জানানো হয়েছে বিষয়টি তারাই সিদ্ধান্ত নেবে।”
এদিকে প্রাক্তন পুর চেয়ারম্যানের গ্রেপ্তারির ঘটনায় বুনিয়াদপুর শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আদালত চত্বরে এদিন সাধারণ মানুষের ভিড়ও ছিল।