৩৪ বছরের লড়াইয়ের স্বীকৃতি, প্রবীণ বিজেপি কর্মী নিখিল সরকারকে সংবর্ধনা জেলা যুব মোর্চার

0
34

৩৪ বছরের লড়াইয়ের স্বীকৃতি, প্রবীণ বিজেপি কর্মী নিখিল সরকারকে সংবর্ধনা জেলা যুব মোর্চার
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২০ মে দক্ষিণ দিনাজপুর :একটানা দীর্ঘ ৩৪বছর ধরে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত থেকেও কখনও আদর্শচ্যুত হননি।রাজনৈতিক জীবনে নানা বাধা,মামলা-মোকদ্দমা, প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও দল ছাড়েননি গঙ্গারামপুরের কাদিঘাট শিয়ালকুড়ি এলাকার প্রবীণ বিজেপি কর্মী নিখিল সরকার। অবশেষে তাঁর সেই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নিষ্ঠাকেই সম্মান জানাতে বুধবার তাঁর বাড়িতে পৌঁছে সংবর্ধনা দিল বিজেপির জেলা যুব মোর্চার নেতাকর্মীরা।
পেশায় চায়ের দোকানদার নিখিল সরকার বহু বছর ধরেই এলাকায় বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।বাম আমল থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক পালাবদলের সময়ও বিভিন্ন চাপ,হুমকি এবং একাধিক মামলার সম্মুখীন হতে হয়েছে তাঁকে বলে দাবি বিজেপি নেতৃত্বের।তবুও দলীয় পতাকা ছাড়েননি তিনি।
বুধবার গঙ্গারামপুরের কাদিঘাট শিয়ালকুড়ি এলাকায় তাঁর বাড়িতে গিয়ে ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাঁকে সম্মান জানায় বিজেপি জেলা যুব মোর্চা।উপস্থিত ছিলেন বিজেপি জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায় সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা।
এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।প্রবীণ কর্মীর প্রতি দলের এই সম্মান প্রদর্শনকে ঘিরে বিজেপি সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এবিষয়ে বিজেপি জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায় বলেন,“নিখিলদা আমাদের দলের সম্পদ। দীর্ঘ ৩৪বছর ধরে তিনি দলের জন্য লড়াই করেছেন। আগেও তাঁকে সম্মান জানিয়েছি।এখন দল ক্ষমতায় আসার পরে তাঁর মতো ত্যাগী কর্মীদের ধন্যবাদ জানাতেই আমরা এখানে এসেছি।”
সংবর্ধনা পেয়ে খুশি হয়ে নিখিল সরকার জানান,“দলের জন্য যা করেছি, আদর্শের টানেই করেছি। দলের ছেলেরা বাড়িতে এসে সম্মান জানানোয় আমি অত্যন্ত খুশি ও গর্বিত।”