ভোট পরবর্তী হিংসার মামলা তুলতে চাপ! নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে হিলিতে গ্রেপ্তার তৃণমূল নেতা

0
29

ভোট পরবর্তী হিংসার মামলা তুলতে চাপ! নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে হিলিতে গ্রেপ্তার তৃণমূল নেতা

বালুরঘাট, ১৯ মে —- ভোট পরবর্তী হিংসার মামলা তুলে নেওয়ার চাপ। আর সেই চাপের আবহেই বিজেপি কর্মীর নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন হিলি ব্লক তৃণমূলের সহ সভাপতি বিদ্যুৎ বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে হিলি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে বালুরঘাট আদালতে পেশ করে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
অভিযোগের সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে। নির্যাতিত পরিবারের দাবি, তৃতীয়বার ক্ষমতায় ফেরার উচ্ছ্বাসে ২ মে দুপুরে হিলির এক বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শিল-নোড়া দিয়ে বেধড়ক মারধরে গুরুতর জখম হন ওই বিজেপি কর্মী। পরে হাইকোর্টের নির্দেশে ঘটনাটি ভোট পরবর্তী হিংসার মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরিবারের অভিযোগ, সেই মামলাই তুলে নেওয়ার জন্য চলতি মাসের ২ তারিখ রাতে ফের বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় বিদ্যুৎ বিশ্বাস-সহ কয়েকজন। অভিযোগ, ভয় দেখিয়ে মামলা প্রত্যাহারের চাপ দেওয়ার পাশাপাশি নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করা হয়। এমনকি মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে অবশেষে হিলি থানার দ্বারস্থ হয় নির্যাতিত পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক বিএনএস ধারা এবং পকসো আইনে মামলা দায়ের হয়েছে।
নির্যাতিতার এক আত্মীয় বলেন, “২০২১ সাল থেকেই আমাদের ওপর অত্যাচার চলছিল। মামলা তুলে নিতে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। আমরা শুধু সুবিচার চাই।”
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হিলি ব্লক তৃণমূল সভাপতি অমিত বিশ্বাসের দাবি, “পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। তৃণমূলকে বদনাম করতেই পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।
অন্যদিকে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর কটাক্ষ, “২০২১ সালে যারা সন্ত্রাস চালিয়েছিল, এবার তাদের আইনের মুখোমুখি হতে হবে।”