বিজেপির ধন্যবাদ মিছিলে উৎসবের আবহ বালুরঘাট ও গঙ্গারামপুরে
নেতৃত্বে বিধায়ক বিদ্যুৎ রায় ও সত্যেন্দ্রনাথ রায় সহ একাধিক বিজেপি নেতা-কর্মী
শীতল চক্রবর্তী বালুরঘাট ও গঙ্গারামপুর ১৮মে দক্ষিণ দিনাজপুর।রাজ্যে দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক পালাবদলের পর বিজেপির ক্ষমতায় আসাকে কেন্দ্র করে সোমবার বালুরঘাট ও গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ধন্যবাদ মিছিল। বিজেপির দাবি, রাজ্যজুড়ে মানুষের সমর্থনের ফলেই ২০৭টি আসন নিয়ে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। সেই জয়ের আনন্দ ভাগ করে নিতে এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতেই এই মিছিলের আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বালুরঘাট শহরের পাশাপাশি গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিজেপির ধন্যবাদ মিছিল শুরু হয়। বালুরঘাটের বিজেপির বিধায়ক বিদ্যুৎ রায় বালুঘাট শহর পরিক্রমা করে।গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়-এর নেতৃত্বে মিছিলটি ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে চৌপথি মোড়, মিতা সিনেমা হল, কালিতলা সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
একইভাবে বালুরঘাটেও এদিন বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়। সেখানে বিধায়ক সহ একাধিক জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।
মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি অশোক বর্ধন, বিজেপি এসসি মোর্চার জেলা সভাপতি সনাতন কর্মকার, গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ, বিজেপি নেতা দিলীপ বিশ্বাস,কানু হালদার সহ দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা।
দলীয় পতাকা,গেরুয়া আবির ও ডিজের তালে নাচে-গানে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা শহরে।বিজেপির দাবি, কয়েক হাজার কর্মী-সমর্থক এই মিছিলে অংশ নেন।প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিল শহরবাসীর নজর কাড়ে।এদিন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচলতি বহু মানুষ বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে ফুলের মালা ও গেরুয়া আবির দিয়ে শুভেচ্ছা জানান।
বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন,“দলীয় কর্মী-সমর্থকেরা জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন।রাজ্যের মানুষ যে বিপুল সমর্থন দিয়েছেন, তার জন্য সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়েছে।”
সমগ্র কর্মসূচি ঘিরে শহরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। শান্তিপূর্ণভাবেই গোটা মিছিল সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
























