গঙ্গারামপুর হাইস্কুলে মেয়েদের মধ্যে সেরা অঙ্কিতা, বাড়িতে গিয়ে সংবর্ধনা বিজেপির যুব ও মহিলা মোর্চার

0
24

গঙ্গারামপুর হাইস্কুলে মেয়েদের মধ্যে সেরা অঙ্কিতা, বাড়িতে গিয়ে সংবর্ধনা বিজেপির যুব ও মহিলা মোর্চার
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৬ মে দক্ষিণ দিনাজপুরঃ-
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা দাস।গঙ্গারামপুর পুরসভার ১৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শিক্ষক পরিবারের মেয়ে অঙ্কিতা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৫৭ নম্বর পেয়ে স্কুলের মেয়েদের মধ্যে সেরা হয়েছে।তার এই সাফল্যে খুশির আবহ পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।
অঙ্কিতার এই কৃতিত্বকে সম্মান জানাতে শনিবার তার বাড়িতে পৌঁছায় বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতৃত্বরা। ফুল, মিষ্টি ও শুভেচ্ছা জানিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায়, মহিলা মোর্চার জেলা সভানেত্রী সহ একাধিক নেতৃত্বরা।
এদিন বিজেপির জেলা মহিলা মোর্চার এক নেত্রী বলেন,“অঙ্কিতার এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেই আজ আমরা তার বাড়িতে এসেছি। আগামী দিনে সে আরও বড় সাফল্য অর্জন করুক, এটাই আমাদের শুভেচ্ছা।”
অঙ্কিতার বাবা শিক্ষক সুজন দাস বলেন,“মেয়ের এই ফলাফলে আমরা খুবই খুশি ও গর্বিত।ওর পরিশ্রমের ফল আজ সকলের সামনে এসেছে। যারা এসে মেয়েকে সংবর্ধনা জানিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই।”
অঙ্কিতা দাসের এই সাফল্যে শুভেচ্ছার বন্যা বইছে এলাকাজুড়ে। শিক্ষক পরিবারে বেড়ে ওঠা অঙ্কিতার আগামী দিনের সাফল্যের দিকেই এখন তাকিয়ে সকলেই।