পীরপাল এলাকায় বখতিয়ার খিলজির মাজারে সম্প্রীতির পুজো, শুরু হল মেলা

0
72

পীরপাল এলাকায় বখতিয়ার খিলজির মাজারে সম্প্রীতির পুজো, শুরু হল মেলা
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ৩০শে এপ্রিল, দক্ষিণ দিনাজপুর:
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পীরপাল এলাকায় ঐতিহাসিক ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি-র মাজারে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হল পুজো। এর মধ্য দিয়েই শুরু হল এলাকায় বহুপ্রতীক্ষিত সম্প্রীতির মেলা।
ইতিহাস অনুসারে, বখতিয়ার খিলজি ছিলেন কুতুব উদ্দিন আইবক-এর বিশ্বস্ত সেনাপতি এবং বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ১২০৬ সালে তিব্বত অভিযান থেকে পরাজিত হয়ে তিনি গঙ্গারামপুরের দেবীকোটে ফিরে আসেন। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তাঁরই এক সেনাপতি আলি মর্দানের হাতে তিনি নিহত হন বলে লোককথায় উল্লেখ রয়েছে। এরপর তাঁর দেহ সেই স্থানে সমাধিস্থ করা হয়। স্থানীয় মানুষের বিশ্বাসে তিনি ‘পীরসাহেব’ হিসেবে পূজিত হতে শুরু করেন।
প্রতিবছর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার এই মাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তরা সমবেত হন। এদিন সকাল থেকেই হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ফল, ফুল, বেলপাতা, দুধ, বাতাসা, খাগড়া ও মুড়কি নিবেদন করে পুজো দেন। মানত পূরণের জন্য অনেকেই মাটির ঘোড়া উৎসর্গ করেন।
প্রথা অনুযায়ী, বৈশাখ মাসের চতুর্থ বৃহস্পতিবার মাজার চত্বরে অনুষ্ঠিত হবে সত্যপীরের গান-এর আসর, যা এই অঞ্চলের লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
মেলা কমিটির উদ্যোক্তা রুহুল আমিন শাহ ফকির ও কুতুব উদ্দিন বখতিয়ার জানান, “ভক্তি-নিষ্ঠার সঙ্গে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার এই পুজো হয়ে থাকে। সকল সম্প্রদায়ের মানুষ এখানে মিলিত হন, এটাই আমাদের ঐতিহ্য।”
এই উৎসব শুধু ধর্মীয় আচার নয়, বরং বহুদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে এলাকাবাসীর কাছে বিশেষ তাৎপর্য বহন করে।