৪ মে-ই ‘বাংলার নববর্ষ’! বালুরঘাটে নিতিন নবীনের হুঙ্কার, বিদ্যুৎ রায়ের জয়ে বদলের বার্তা

0
25

৪ মে-ই ‘বাংলার নববর্ষ’! বালুরঘাটে নিতিন নবীনের হুঙ্কার, বিদ্যুৎ রায়ের জয়ে বদলের বার্তা

বালুরঘাট, ১৯ এপ্রিল —- বাংলায় নববর্ষ শুরু হয়ে গেলেও, বিজেপির কাছে ‘আসল নববর্ষ’ নাকি ৪ মে। রবিবার বালুরঘাটে ভোটপ্রচারে এসে এমনই রাজনৈতিক বার্তা ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর দাবি, ওই দিনই বাংলায় শুরু হবে পরিবর্তনের নতুন অধ্যায়।
২৩ এপ্রিল প্রথম দফার ভোট প্রচারের শেষ রবিবাসরীয় প্রচার ছিল এদিন। বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের সমর্থনে এ দিন হেলিকপ্টারে বালুরঘাট বিমানবন্দরে নামেন নিতিন। সেখান থেকে বিজেপি মোড় থেকে শুরু হওয়া রোড শোয়ে যোগ দেন তিনি। শতাধিক ঢাক, পতাকা, সুসজ্জিত মিছিল আর হুডখোলা গাড়িতে প্রার্থীকে পাশে নিয়ে শহর পরিক্রমা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পথে হাতজোড় করে ভোট চান বিদ্যুৎ রায়ের জন্য।
থানা মোড়ে মিছিল শেষ হওয়ার আগে বাসস্ট্যান্ডে স্বল্প সময়ের বক্তব্যে কার্যত নির্বাচনী লড়াইকে ‘বদলের উৎসব’-এর রূপ দেন তিনি। বিদ্যুৎ রায়ের হাত তুলে নিতিন বলেন, “৪ মে বিজয়শ্রী আসবে, সেদিনই বিজেপি বাংলার নববর্ষ পালন করবে।
বক্তব্যের শুরু থেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপি সভাপতি। তাঁর দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য তৈরি। “মমতা দিদি আর চলবে না, বিজেপি আসবে”— এই স্লোগানেই সভামঞ্চে উস্কে ওঠে কর্মী-সমর্থকদের উন্মাদনা।
তৃণমূল সরকারকে নিশানা করে নিতিনের অভিযোগ, “মা-মাটি-মানুষের নামে মানুষকেই অপমান করা হয়েছে।” নারীদের সুরক্ষা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর দাবি, বিজেপি নারীদের সুরক্ষায় যে উদ্যোগ নিয়েছে, তাতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। কটাক্ষ করে বলেন, এই সরকার মা-বোনেদের বিরোধী।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘৪ মে নববর্ষ’ মন্তব্যে ভোটের ফলকেই প্রতীকীভাবে ‘নতুন সূচনা’ হিসেবে তুলে ধরতে চাইল বিজেপি। আর সেই বার্তাকেই সামনে রেখে বালুরঘাটে শক্তি প্রদর্শনের মঞ্চে বদলের সুর আরও জোরালো করলেন নিতিন নবীন।