ভোটের মুখে সীমান্তে আধার-কাণ্ড! পঞ্চায়েতের নীচে বস্তাভর্তি আধার কার্ড উদ্ধারে তোলপাড় হিলি

0
55

বালুরঘাট, ২১ মার্চ —- ভোটের আগে হঠাৎই ডাস্টবিন থেকে মিলল বস্তাভর্তি আধার কার্ড—ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধার কার্ডগুলি বাজেয়াপ্ত করে তদন্তে নামে হিলি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই পঞ্চায়েত অফিসের নীচে থাকা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে এক কর্মীর নজরে আসে একটি সন্দেহজনক বস্তা। সেটি খুলতেই চোখ কপালে ওঠে তার—একসঙ্গে এতগুলি আধার কার্ড দেখে আতঙ্কে সেখান থেকে সরে যান তিনি। পরে বিষয়টি জানাজানি হতেই পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বস্তায় প্রায় ২০০টি আধার কার্ড ছাড়াও কিছু এটিএম কার্ড ও ব্যাঙ্ক সংক্রান্ত নথি ছিল। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া আধার কার্ডগুলির বেশিরভাগই ২০২১ সালের।

পঞ্চায়েত প্রধান সঞ্জয় রায় জানিয়েছেন, এই আধার কার্ডগুলির সঙ্গে পঞ্চায়েতের কোনও সম্পর্ক নেই। বাইরে থেকে কেউ এগুলি এনে গোপনে ডাস্টবিনে ফেলে রেখে গেছে বলেই আমাদের অনুমান।

ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, একটি প্যাকেটের মধ্যেই আধার কার্ডগুলি পাওয়া গিয়েছে। সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র মিলেছে। সবকিছু খতিয়ে দেখে তদন্ত চলছে।

ভোটের প্রাক্কালে সীমান্ত অধ্যুষিত হিলিতে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিয়ে। কীভাবে এতগুলি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র একসঙ্গে ডাস্টবিনে এল, তার উত্তর খুঁজতেই এখন জোরদার তদন্তে নেমেছে পুলিশ।