সভা সেরে বেরোতেই ‘চোর-চোর’ ধ্বনি! কুমারগঞ্জে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক তোরাব হোসেন
বালুরঘাট, ৭ জুন —– দলীয় বৈঠক সেরে বেরোতেই চারদিক থেকে ভেসে এল ‘চোর-চোর’ স্লোগান। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের চালুন গ্রাম পঞ্চায়েতের প্রাণসাগর এলাকায় এমনই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিক্ষোভের মুখে পড়েন কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাব হোসেন মণ্ডল।
স্থানীয় সূত্রে খবর, এদিন দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে প্রাণসাগরে গিয়েছিলেন বিধায়ক। বৈঠক শেষে তিনি বেরিয়ে আসতেই কয়েক জন ‘তোরাব চোর’, ‘চোর-চোর তোরাব চোর’, ‘বালি চোর’, ‘চাকরি চোর’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঘটনা প্রসঙ্গে তোরাব হোসেনের দাবি, ‘‘দলের কর্মীদের সঙ্গে আলোচনা করতেই এলাকায় গিয়েছিলাম। সভা শেষে বেরোনোর সময় কিছু লোক আচমকা স্লোগান দিতে শুরু করে। যারা এই স্লোগান দিয়েছে, তারা এলাকার বাসিন্দা নয়। আমার কর্মসূচির খবর পেয়ে বাইরে থেকে এসে প্রথমে ‘জয় শ্রীরাম’ এবং পরে ‘চোর-চোর’ স্লোগান দেয়।’’ তবে তিনি বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখাননি বলেও জানান।
ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার বলেন, ‘‘তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এখন রাস্তায় নেমে এসেছে। বালি, চাকরি ও দুর্নীতির অভিযোগে মানুষ ক্ষুব্ধ। কুমারগঞ্জের ঘটনাও তারই বহিঃপ্রকাশ।’’ তাঁর দাবি, আগামী দিনে এই ধরনের প্রতিবাদ আরও বাড়বে।
বিধানসভা ভোট-পরবর্তী রাজনৈতিক উত্তাপের আবহে কুমারগঞ্জের এই ঘটনা নতুন করে জেলার রাজনৈতিক তরজাকে উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

























