তাজ্জব কান্ড! বালুরঘাটে পুলিশের নাকের ডগা থেকেই কাটা হল কন্যাশ্রী মডেলের হাত।

0
317

তাজ্জব কান্ড! বালুরঘাটে পুলিশের নাকের ডগা থেকেই কাটা হল কন্যাশ্রী মডেলের হাত। চুরির চেষ্টা সবুজ সাথী প্রকল্পের সাইকেলও

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ জুন—— থানার সামনে থেকে কন্যাশ্রী মডেলের হাত কেটে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য। চুরির চেষ্টা সবুজ সাথী প্রকল্পের সাইকেল ও। বালুরঘাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খোদ রাজ্য সরকারের সরকারি প্রকল্পের প্রচারে স্থাপিত মডেলের এহেন দশা দেখে অবাক হয়েছেন অনেকেই। ঘটনাকে ঘিরে রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে বালুরঘাট শহরে।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে বালুরঘাট শহরের সৌন্দর্যায়নে থানা মোড় থেকে নিউ মার্কেটের আন্দোলন সেতু পর্যপ্ত রাস্তার মাঝে ডিভাইডারগুলি সাজাবার উদ্যোগ নেয় পুরসভা। যেখানে রকমারি গাছ লাগাবার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পকে তুলে ধরতে নানারকম মডেল স্থাপন করে বালুরঘাট পৌরসভা। যে হিসাবেই বালুরঘাট থানা মোড় এলাকায় রাস্তার ডিভাইডারে রাজ্য সরকারের কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্পকে একত্রে তুলে ধরতে একটি স্কুল ছাত্রীর মডেল স্থাপন করে পৌরসভা কতৃপক্ষ। বর্তমানে সেখানেই দেখা যাচ্ছে ওই কন্যাশ্রী মডেলটির একটি হাত কাটা রয়েছে। প্রাথমিকভাবে যা দেখে মনে করা হচ্ছে কন্যাশ্রী মেয়ের মডেলের সাথে থাকা সবুজ সাথী প্রকল্পের সাইকেলটি চুরির লক্ষ্যেই ওই মডেলটির হাত কেটে নিয়ে গেছে দুস্কৃতিরা। যে ঘটনা সামনে আসতেই রীতিমতো আলোড়ন পরিস্থিতি তৈরি হয়েছে শহরজুড়ে। একেবারে থানা থেকে সামান্য দূরত্বের মধ্যে কি করে এই ঘটনা ঘটল তা নিয়েই প্রশ্ন তুলেছেন শহরের বাসিন্দাদের একাংশ।

যদিও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন তিনি অফিসিয়াল কাজে বাইরে রয়েছেন। সংবাদমাধ্যমের কাছ থেকেই এই বিষয়টি প্রথম জানতে পেরেছেন। তবে পুলিশ প্রশাসনকে দিয়ে তদন্ত করে এব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান।