জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশনের টিম
আলিপুরদুয়ার : জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কার্যালয়ে পৌঁছল কমিশন ফর ইনস্টিটিউশনাল করাপশনের তদন্তকারী দল। রবিবার কমিশনের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির অফিসে গিয়ে বিভিন্ন নথিপত্র ও ফাইল খতিয়ে দেখে। তদন্ত শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র নিজেদের সঙ্গে নিয়ে যান আধিকারিকরা।
কমিশনের এক আধিকারিক জানান, জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে এসেছেন তাঁরা। বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া এবং সংস্থার অধীনে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে ২০২১ থেকে ২০২৪ অর্থবর্ষ পর্যন্ত একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আগামী দিনে জানা যাবে।
প্রসঙ্গত, জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটিকে ঘিরে এর আগেও একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৪ সালে সংস্থার কার্যালয় থেকে একসঙ্গে ২০টি গুরুত্বপূর্ণ ফাইল উধাও হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। পাশাপাশি বিভিন্ন টেন্ডার প্রক্রিয়া ও উন্নয়নমূলক কাজের বরাদ্দ নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগও উঠেছিল।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থাকাকালীন ২০২৪ সালে ২০টি ফাইল উধাও হওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার ২০২১ থেকে ২০২৪ অর্থবর্ষের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কমিশনের তদন্ত শুরু হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। এখন তদন্তে কী কী তথ্য উঠে আসে এবং পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।





















