কাজ শেষ, বিল বাকি! দেড় বছরের অপেক্ষায় ফুঁসছে স্বনির্ভর গোষ্ঠী
বালুরঘাট, ২৩ জুন —– স্কুল ড্রেস তৈরি হয়েছে বহু আগেই। সেই ড্রেস পরে ছাত্রছাত্রীরা একাধিক শিক্ষাবর্ষও পার করে ফেলেছে। কিন্তু কাজের পুরো পারিশ্রমিক এখনও অধরাই। আর সেই ক্ষোভ নিয়েই মঙ্গলবার বালুরঘাট পুরসভার দরজায় কড়া নাড়লেন একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁদের বকেয়া টাকার দাবিকে ঘিরে এদিন পুরসভা চত্বরে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি।
অভিযোগ, ২০২৫-২৬ অর্থবর্ষে বালুরঘাট পুরসভার অধীনে স্কুল ড্রেস তৈরির প্রকল্পে কাজ করেছিলেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কাজ সম্পূর্ণ হওয়ার পর আংশিক অর্থ মিললেও এখনও বকেয়া রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ টাকা। দীর্ঘদিন অপেক্ষার পরও কোনও সুরাহা না হওয়ায় এদিন তাঁরা সরাসরি পুরসভার দ্বারস্থ হন।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্য শান্তনা মহন্ত বলেন, প্রায় দেড় বছর আগে আমরা স্কুল ড্রেস তৈরির কাজ করেছিলাম। কিছু টাকা পেলেও এখনও সম্পূর্ণ পারিশ্রমিক পাইনি। তাই চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তিনি এক মাসের মধ্যে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, গত অর্থবর্ষে প্রকল্পের আওতায় এক দফায় অর্থ প্রদান করা হয়েছিল। তবে কিছু বকেয়া এখনও রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দফতরের নজরে আনা হয়েছে। তিনি আরো বলেন, মহিলারা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। আমরা প্রয়োজনীয় স্তরে বিষয়টি তুলে ধরব এবং আগামী এক মাসের মধ্যে তাঁদের পাওনা মেটানোর চেষ্টা করব।























