আত্রেয়ীর বুকে ফিরবে হারানো রাইখর! সুকান্তর উপস্থিতিতে আত্রেয়ী ও পুনর্ভবায় ছাড়া হল তিন লক্ষ মাছের পোনা
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৪ নভেম্বর: হারিয়ে যেতে বসা নদীর ঐতিহ্য ফেরানোর উদ্যোগ। আত্রেয়ীর বুকে ফের রাইখরের দাপট ফিরিয়ে আনতে বিশেষ পদক্ষেপ করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। নদীর জলজ বাস্তুতন্ত্র ও মৎস্যসম্পদের বৈচিত্র্য রক্ষায় বুধবার আত্রেয়ী ও পুনর্ভবা নদীতে ছাড়া হল মোট তিন লক্ষ মাছের পোনা। যার মধ্যে পাঁচ হাজার পোনা আত্রেয়ীর নিজস্ব ঐতিহ্যবাহী মাছ রাইখোরের।
প্রশাসন সূত্রে খবর, এদিন দুই নদীতেই দেড় লক্ষ করে মাছের পোনা ছাড়া হয়েছে। তবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আত্রেয়ীর পরিচিত রাইখোর মাছের সংরক্ষণে। একসময় জেলার নদীগুলিতে এই মাছের যথেষ্ট উপস্থিতি থাকলেও ক্রমশ কমছে তার সংখ্যা। সেই হারানো বৈচিত্র্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।
কর্মসূচিতে উপস্থিত বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম দক্ষিণ দিনাজপুরেই এই ধরনের উদ্যোগ নেওয়া হল। আগামী বছরেও নদীতে মাছের পোনা ছাড়ার কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য দফতরকে অভিনন্দনও জানান তিনি।






















