ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল ১২ টি ঘর। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দুটো নাগাদ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার খাঁড়ি সরিয়াবাদ গ্রামে। ঘটনাস্থলে রায়গঞ্জ দমকলবাহিনীর দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘরগুলি এবং ঘরে থাকা সমস্ত কিছু জিনিসপত্র। চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন খাঁড়ি সরিয়াবাদ গ্রামের ছটি পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রামপঞ্চায়েতের খাঁড়ি সরিয়াবাদ গ্রামের বাসিন্দা সামিরুল ইসলামের বাড়িতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে সেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে। দ্রুত খবর দেওয়ায় রায়গঞ্জ দমকলবাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই গ্রামের ১২/১৩ টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা ফসল থেকে আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথীপত্র। দমকল সূত্রে জানা গিয়েছে, ঘরে থাকা বিদ্যুতের শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। গভীর রাতে গ্রামের সকলেই ঘুমন্ত অবস্থায় থাকায় আগুন নেভাতে সময় লাগে।
সরকারি সাহায্যের জন্য আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারেরা।





















