সরকারি পুকুর ভরাট করে পাকা বাড়ি তৈরির অভিযোগ,কাঠগড়ায় একাধিক ব্যক্তি প্রশাসনের দ্বারস্থ অভিযোগকারী,ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

0
46

সরকারি পুকুর ভরাট করে পাকা বাড়ি তৈরির অভিযোগ,কাঠগড়ায় একাধিক ব্যক্তি
প্রশাসনের দ্বারস্থ অভিযোগকারী,ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের
শীতল চক্রবর্তী হরিরামপুর ৪ নভেম্বর দক্ষিণ দিনাজপুর:সরকারি পুকুর দখল করে মাটি ভরাটের পর সেখানে পাকা বাড়ি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলগাঁও মোল্লাহাট এলাকায় এই ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাব্বানী মিঞা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সরকারি পুকুর দখল করে ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা নুর আলম।
অভিযোগকারী নুর আলমের দাবি,হরিরামপুর ব্লকের দোলগাঁও মৌজার জেএল নম্বর ১৪, দাগ নম্বর ৩৫৮-এর জমিটি সরকারি পুকুর হিসেবে নথিভুক্ত রয়েছে সরকারি খাতায়।অথচ সেই পুকুর দখল করে মাটি ভরাটের পর রাতারাতি সেখানে পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে।তাঁর আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে তাঁকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করতে উদ্যত হন অভিযুক্তরা বলে দাবি তার।সেই কারণেই এতদিন তিনি চুপ ছিলেন। অবশেষে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর-সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অবিলম্বে তদন্ত করে সরকারি জমি উদ্ধারের দাবিও জানিয়েছেন অভিযোগকারী।
বুধবার লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন হরিরামপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দীপঙ্কর কুমার রায়।তিনি জানান,” পুকুর ভরাটের অভিযোগে লিখিত আবেদন জমা পড়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনা নিয়ে সরব হয়েছেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা হরিরামপুরের কংগ্রেস নেতা শুভাশিস পাল। তাঁর অভিযোগ,” হরিরামপুর জুড়ে দুর্নীতি ও অনিয়মের একাধিক ঘটনা ঘটছে।প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।”
যদিও সমস্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত রাব্বানী মিঞার বলেন”, “আমি একজন গরিব মানুষ। নিজের কোনও বাড়ি বা জমি না থাকায় পরিবার নিয়ে থাকার জন্য সেখানে বাড়ি তৈরি করেছি।আমাদের পাশে থাকুন, সেটাই চাই।”
এখন দেখার,সরকারি পুকুর ভরাটের এই অভিযোগের ভিত্তিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তদন্তে কী উঠে আসে এবং প্রশাসন পরবর্তী সময়ে কী পদক্ষেপ করে।