শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসায় বড় পদক্ষেপ! বিনামূল্যে ইনসুলিন, সুকান্তর হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে চালু বিশেষ ক্লিনিক
বালুরঘাট, ৪ নভেম্বর —- শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসায় এবার উল্লেখযোগ্য পদক্ষেপ দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের। দীর্ঘমেয়াদি এই রোগের চিকিৎসায় যাতে অর্থের অভাবে কোনও শিশুকে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই হাসপাতাল চত্বরে চালু হল বিশেষ টাইপ ওয়ান ডায়াবেটিস ক্লিনিক। বুধবার এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
নতুন এই উদ্যোগে ১২ বছর বয়স পর্যন্ত টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত শিশুরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ইনসুলিন পাওয়ার সুযোগ পাবে। প্রাথমিকভাবে প্রায় পাঁচ লক্ষ টাকার ইনসুলিনের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে রোগীর সংখ্যা ও চাহিদা বাড়লে রাজ্য স্বাস্থ্য দফতরের মাধ্যমে অতিরিক্ত অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশু রোগ বিভাগ ও মেডিসিন বিভাগের চিকিৎসকেরা আউটডোরে আসা শিশুদের মধ্যে ডায়াবেটিসের উপসর্গ থাকা রোগীদের চিহ্নিত করবেন। প্রয়োজনীয় পরীক্ষার পর তাঁদের বিশেষ এই ক্লিনিকে পাঠানো হবে। সেখানেই চলবে চিকিৎসা ও বিনামূল্যে ইনসুলিন প্রদানের ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, মেডিকেল কলেজ চালুর আগেই জেলা হাসপাতালে একের পর এক উন্নত স্বাস্থ্য পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের চিকিৎসায় এই বিশেষ ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অর্থাভাবে যাতে কোনও শিশুর চিকিৎসা ব্যাহত না হয়, সেটাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ফলে জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় সংযোজিত হল আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।






















