৯২ তম বর্ষে ঐতিহাসিক হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা, শুরু ৯ নভেম্বর
আলিপুরদুয়ার: ব্রিটিশ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলা এবার ৯২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হবে ডুয়ার্সের এই ঐতিহাসিক মেলা। চলবে টানা ১৪ দিন। মেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি।
এবারের মেলায় থাকছে সরকারি স্টল। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাঁদের পসরা সাজিয়ে বসবেন। থাকবে নানা ধরনের আকর্ষণীয় সামগ্রীর স্টলও। মেলার প্রস্তুতি ও আয়োজনের খুঁটিনাটি জানাতে এদিন মেলা অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি কালিদাস মুখার্জি, যুগ্ম সম্পাদক অলোক মিত্র ও সুকমল ঘোষ, কোষাধ্যক্ষ অঙ্কুর ঘোষ এবং চেয়ারম্যান সঞ্জয় মুখার্জি।
মেলা কমিটির কর্তারা জানান, ব্রিটিশ আমলে এক ইউরোপীয় সাহেবের উদ্যোগে এই কালীপুজো ও মেলার সূচনা হয়েছিল। সেই সময় চা বলয়ের শ্রমিকদের মনোরঞ্জনের জন্য বিশেষ কোনও ব্যবস্থা ছিল না। তাঁদের আনন্দ ও বিনোদনের কথা মাথায় রেখেই কালীমন্দির প্রাঙ্গণে এই মেলার সূচনা করা হয়। একসময় মেলা চলত সারা রাত ধরে। দীর্ঘদিনের সেই ঐতিহ্য আজও ধরে রেখেছে হ্যামিল্টনগঞ্জের এই মেলা।
প্রতিবছর ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় ভিড় জমান। মেলাকে কেন্দ্র করে ১৪ দিন ধরে হ্যামিল্টনগঞ্জ পরিণত হয় মিলনক্ষেত্রে। বাইরে থাকা আত্মীয়স্বজনরাও এই সময় বাড়িতে ফিরে আসেন। ফলে মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।
দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মেলা কমিটি। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ঐতিহ্যের ৯২তম বর্ষে এই মেলাকে ঘিরে ডুয়ার্সবাসীর মধ্যে উৎসাহ বাড়ছে।




















