শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ হবে ডিসেম্বরের মধ্যে,জানালেন কাটিহারের ডিআরএম

0
23

*শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ হবে ডিসেম্বরের মধ্যে,জানালেন কাটিহারের ডিআরএম*

শিলিগুড়ি:-

_মঙ্গলবার শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের ডিআরএম শ্রী কিরেন্দ্র নারাহ।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টেশনের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানান তিনি।ডিআরএম জানান,অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় শিলিগুড়ি জংশনকে নতুন রূপে গড়ে তোলার কাজ চলছে।দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরে থাকা বুকিং কাউন্টার বর্তমানে নতুন ভবনের ভিতরে স্থানান্তরিত করা হয়েছে।পাশাপাশি স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের অন্যান্য কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।আগামী ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান তিনি।আধুনিকীকরণের পর যাত্রীদের সুবিধার জন্য স্টেশনে লিফট-সহ একাধিক আধুনিক পরিষেবা ও পরিকাঠামো গড়ে তোলা হবে।এর ফলে যাত্রীদের যাতায়াত এবং স্টেশন ব্যবহারের ক্ষেত্রে আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।শুধু শিলিগুড়ি জংশন নয়,নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনেও উন্নয়নমূলক কাজ চলছে। ডিআরএম জানান,এনজেপি স্টেশনের কাজ ২০২৭সালের মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।এদিকে,পুজোর কারণে শিলিগুড়ি টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।এবার নতুন করে পরিদর্শনের পর দ্রুত সেই কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।পাশাপাশি শিলিগুড়িতে প্রস্তাবিত ডবল লাইন রেল প্রকল্প নিয়েও আশার কথা শোনান ডিআরএম।তাঁর বক্তব্য অনুযায়ী,প্রকল্পের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।ইতিমধ্যেই ফর্ম এ এবং ফর্ম বি জমা দেওয়া হয়েছে।পুজোর কারণে প্রক্রিয়াটি আটকে থাকলেও এবার সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে শিলিগুড়ি জংশন,এনজেপি ও টাউন স্টেশনের উন্নয়ন এবং ডবল লাইন রেল প্রকল্পের অগ্রগতির দিকে নজর রয়েছে রেলযাত্রীদের।নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে উত্তরবঙ্গের রেল পরিষেবা ও যাত্রী পরিকাঠামো আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।_