দুর্গাপুজো উপলক্ষে ১২০০ জন দুস্থের হাতে বস্ত্র তুলে দিলেন বৃহন্নলারা

0
22

দুর্গাপুজো উপলক্ষে ১২০০ জন দুস্থের হাতে বস্ত্র তুলে দিলেন বৃহন্নলারা
শীতল চক্রবর্তী, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব আর নতুন পোশাকের উচ্ছ্বাস। তবে সমাজের বহু দুঃস্থ মানুষের কাছে নতুন পোশাক কেনা এখনও স্বপ্নের মতো। তাঁদের মুখে হাসি ফোটাতে দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বৃহন্নলারা।এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পান সমিতি স্টেডিয়াম পাড়ায় নিজেদের বাসভবন থেকে প্রায় ১২০০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
উত্তরবঙ্গের বড় মাসি সোনামণি দেবী, বালুরঘাটের পারুল মাসি এবং গঙ্গারামপুরের লতা মাসির উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্গাপুজোর আগে নতুন পোশাক হাতে পেয়ে খুশি উপভোক্তারা। বৃহন্নলাদের এই উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা উঠে এসেছে।
কুয়াশা ঘোষ নামে এক (মাসি)বলেন,“দুর্গাপুজো সকলের উৎসব। সমাজের দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। প্রতি বছরের মতো এ বছরও আমরা প্রায় ১২০০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে আনন্দিত।আগামী দিনেও মানুষের পাশে থেকে এই ধরনের সামাজিক কাজ চালিয়ে যেতে চাই।”
বৃহন্নলাদের এই উদ্যোগে পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।