বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে ফুটবলের উন্মাদনা, গঙ্গারামপুরে অনূর্ধ্ব-১৩ আন্তঃস্কুল প্রতিযোগিতা

0
38

বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে ফুটবলের উন্মাদনা, গঙ্গারামপুরে অনূর্ধ্ব-১৩ আন্তঃস্কুল প্রতিযোগিতা
শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ২৬ সেপ্টেম্বর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে পড়ুয়াদের মধ্যে খেলাধুলার প্রসার ও শারীরিক-মানসিক বিকাশের বার্তা দিতে অনূর্ধ্ব-১৩ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল স্টুডেন্ট হেলথ হোমের গঙ্গারামপুর আঞ্চলিক শাখা। শনিবার বেলা ১টা নাগাদ গঙ্গারামপুর শহরের বোড়ডাঙ্গি মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতা।
এদিনের প্রতিযোগিতায় গঙ্গারামপুর মহকুমা এলাকার মোট আটটি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই পড়ুয়া ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মাঠে বিভিন্ন বিদ্যালয়ের কিশোর ফুটবলারদের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। ফুটবলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি দলগত মানসিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেও এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেয়।
স্টুডেন্ট হেলথ হোমের গঙ্গারামপুর আঞ্চলিক শাখার সম্পাদক প্রসেনজিৎ কুণ্ডু বলেন, “বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে পড়ুয়াদের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করা। নিয়মিত খেলাধুলা পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মদন বর্মন, স্টুডেন্ট হেলথ হোমের গঙ্গারামপুর আঞ্চলিক শাখার সম্পাদক প্রসেনজিৎ কুণ্ডু, অন্যতম কর্মকর্তা আমিনুল সরকার-সহ অন্যান্যরা। বিদ্যাসাগরের জন্মজয়ন্তীকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে এমন ক্রীড়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।