জমি নিয়ে বিবাদ, দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে! উত্তেজনা বালুরঘাটে

0
43

জমি নিয়ে বিবাদ, দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে! উত্তেজনা বালুরঘাটে

বালুরঘাট, ৬ আগস্ট:- দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বালুরঘাট থানার খাসপুর এলাকার বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দেবীপুরেএই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিপুল সরকার, বয়স প্রায় ৬১ বছর। অভিযুক্ত তাঁরই ভাই দিলীপ কুমার সরকার যিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভাত খেয়ে ধানের বীজের বস্তা নিয়ে মাঠে যাচ্ছিলেন বিপুলবাবু। অভিযোগ আগে থেকেই ওত পেতে থাকা তাঁর ভাই আচমকা পিছন দিক থেকে হামলা চালায়। পরিবারের দাবি ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। ঘাড়ে গুরুতর চোট লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মৃতের ছেলে গোপাল চন্দ্র সরকার জানান জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গত দুই থেকে তিন বছর ধরে বিবাদ চলছিল। সেই সংক্রান্ত মামলা আদালতেও বিচারাধীন। সম্প্রতি ধান রোপণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। তাঁর অভিযোগ সেই বিবাদের জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। যদিও ঘটনা নিয়ে এখনও কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। এদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।