পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, তদন্তে পুলিশ

0
79

পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী, বালুরঘাট ২৭জুন।দক্ষিণ দিনাজপুর জেলায় শনিবার সকালে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা ও এক ব্যক্তির। একটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে প্রাতভ্রমণে বেরোনো এক মহিলার। অন্য ঘটনায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। দুটি ঘটনাতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
গঙ্গারামপুর থানার দক্ষিণ বেলবাড়ি এলাকার বাসিন্দা মানু রায় (৪৫ প্রতিদিনের মতো শনিবার ভোরেও প্রাতভ্রমণে বেরিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৬টা নাগাদ লক্ষীতলা এলাকায় রেললাইন পার হওয়ার সময় তেভাগা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা বড় মুর্মু বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা। পরিবারের উপর বড় আঘাত নেমে এল।”
অন্যদিকে, গঙ্গারামপুর থানার আমগাঁ গ্রামে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পালতোন মুর্মু (৪০)-র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত একটি খোলা বিদ্যুতের তারে তাঁর হাত লেগে যায়। তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এলেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য দেহটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় আরও সতর্কতা অবলম্বন করা উচিত। অসাবধানতার জেরেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের অনুমান।
একই দিনে পরপর দুই মৃত্যুর ঘটনায় গঙ্গারামপুর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুটি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।