রাতের অন্ধকারে টাঙ্গন নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগ, ট্রাক্টর আটক গ্রামবাসী ও বিজেপি কর্মীদের

0
55

রাতের অন্ধকারে টাঙ্গন নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগ, ট্রাক্টর আটক গ্রামবাসী ও বিজেপি কর্মীদের
শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ২০ মে দক্ষিণ দিনাজপুর :
রাতের অন্ধকারে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি কাটার অভিযোগে একটি ট্রাক্টর আটক করল স্থানীয় গ্রামবাসীরা। এঘটনায় সহযোগিতা করেন বিজেপি নেতা-কর্মীরাও। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বংশীহারী থানার পুলিশ ট্রাক্টরটি থানায় নিয়ে যায়।
অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ৩ নম্বর এলাহাবাদ অঞ্চলের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি তোলা চলছে। স্থানীয়দের দাবি, দিনে নজরদারি বাড়ায় এখন রাতের অন্ধকারেই বালি পাচারের কাজ চালানো হচ্ছে।
মঙ্গলবার গভীর রাতে এলাহাবাদ অঞ্চলের চকভোলা এলাকা থেকে ট্রাক্টরে করে নদীর বালি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা বিজেপি কর্মীদের সহযোগিতায় ট্রাক্টরটি আটক করেন এবং বংশীহারী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সূত্রের খবর, চকভোলা এলাকার সুদেব দাস ও তার ছেলে দেবা দাস এই বালি মাফিয়া চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি তোলার ফলে নদীর তীরবর্তী চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এই কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা।
এবিষয়ে এলাহাবাদ অঞ্চল বিজেপির সাধারণ সম্পাদক প্রদীপ চড়ে বলেন,“আমাদের ৩নম্বর এলাহাবাদ অঞ্চলের চকভোলা সহ টাঙ্গন নদীর একাধিক পাড় থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল। মঙ্গলবার রাতে ট্রাক্টরে করে বালি নিয়ে যাওয়ার সময় আমরা সেটিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি।অবিলম্বে এই অবৈধ বালি তোলা বন্ধের দাবিতে বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হয়েছে।”
অন্যদিকে, বংশীহারী থানার আইসি জানান,“পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”