তৃণমূল প্রধানের নামে বিজেপির মেম্বারশিপ!তোলপাড় দক্ষিণ দিনাজপুর, ভোটের মুখে নতুন অস্বস্তি শাসক শিবিরে

0
94

তৃণমূল প্রধানের নামে বিজেপির মেম্বারশিপ!তোলপাড় দক্ষিণ দিনাজপুর, ভোটের মুখে নতুন অস্বস্তি শাসক শিবিরে

বালুরঘাট, ২০ এপ্রিল —- একটি মিসড কল, আর তাতেই বিজেপির সদস্যপদ! ভোটের মুখে এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে সরগরম দক্ষিণ দিনাজপুরের তপন। আজমতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রামপ্রসাদ রায়কে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, নির্ধারিত নম্বরে মিসড কল দিয়েই তিনি পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন। যদিও প্রধানের দাবি, ‘‘কেউ বদমাইশি করে এই কাণ্ড ঘটিয়েছে।’’
ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। বিজেপি এই ঘটনাকে ‘পরিবর্তনের আগাম বার্তা’ বলে তুলে ধরেছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপী সরকারের দাবি, বিজেপির সদস্যপদ পেতে নির্দিষ্ট নম্বরে মিসড কল দিতেই হয়। পরিবর্তনের হাওয়া বুঝেই তৃণমূলের প্রধান আগেভাগে সেই পথে হেঁটেছেন।
এই দাবি সামনে আসতেই অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। কারণ, রামপ্রসাদ রায় শুধু পঞ্চায়েত প্রধান নন, তিনি জেলা তৃণমূল কমিটির সদস্যও। ফলে অভিযোগ ঘিরে বিস্ময় ছড়িয়েছে দলীয় অন্দরে। জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
তবে সব অভিযোগ উড়িয়ে রামপ্রসাদের সাফ জবাব, আমি তৃণমূলেই আছি। বিজেপির সদস্যপদ নেওয়ার প্রশ্নই নেই। কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বদমাইশি করেছে। তাঁর এই বক্তব্যে আরও ঘনীভূত হয়েছে রহস্য।
ভোটের মুখে এক মিসড কল ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে নতুন করে জোরালো হয়েছে দলবদলের জল্পনা। বিজেপি যেখানে এটিকে ‘পরিবর্তনের পূর্বাভাস’ বলে প্রচার করছে, তৃণমূল সেখানে দেখছে রাজনৈতিক চক্রান্তের গন্ধ। তবে প্রশ্ন একটাই—সত্যিই কি এক মিসড কলে বদলে গেল রাজনৈতিক পরিচয়, নাকি এর নেপথ্যে অন্য খেলা?