অমিত শাহর সভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

0
38

অমিত শাহর সভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার,
শীতল চক্রবর্তী বালুরঘাট১২ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপির।সেই সূত্রেই আগামী মঙ্গলবার(১৪ এপ্রিল)গঙ্গারামপুরে জনসভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সভাকে ঘিরে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
রবিবার দুপুরে গঙ্গারামপুর শহরের গচিহার এলাকায় নির্ধারিত সভাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার। তিনি সভার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
জানা গেছে, গঙ্গারামপুর, তপন ও কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে এই জনসভা থেকে প্রচার চালাবেন অমিত শাহ। সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি—মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণসহ একাধিক বিষয়ে চলছে জোর তৎপরতা।
গত ১১এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির খাগড়াকুড়ি এলাকায় জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মাত্র তিনদিনের মাথায় ফের জেলায় বড় রাজনৈতিক কর্মসূচি আয়োজন করতে চলেছে বিজেপি, যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে জোর আলোচনা।
এদিন ড. সুকান্ত মজুমদার বলেন,“কুশমন্ডিতে প্রধানমন্ত্রীর সভায় প্রত্যাশার তুলনায় দ্বিগুণ মানুষের সমাগম হয়েছিল। গঙ্গারামপুরেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশাবাদী। মানুষের উৎসাহই প্রমাণ করছে পরিবর্তনের পক্ষে জনসমর্থন বাড়ছে।”
বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন,“আমরা প্রত্যেক বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করেছি। গঙ্গারামপুরের এই জনসভা হবে জেলার অন্যতম বৃহৎ সমাবেশ। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
এদিন সভাস্থল পরিদর্শনে ড. সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা।