গঙ্গারামপুরে মহিলাদের নিয়ে তৃণমূলের গুরুত্বপূর্ণ সভা গঙ্গারামপুর নিউ মার্কেটের তৃণমূল জেলা পার্টি অফিসে ,উপস্থিত প্রার্থী গৌতম দাস সহ একাধিক জেলা নেতৃত্বরা

0
36

শীতল চক্রবর্তী ২৪ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। মিটিং-মিছিল থেকে শুরু করে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার লড়াই—সব ক্ষেত্রেই তৎপর রাজনৈতিক দলগুলি। এই আবহেই মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের পার্টি অফিস গঙ্গারামপুরের নিউ মার্কেটে মহিলাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা করল জেলা তৃণমূল কংগ্রেস।
শহরের গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দাস,জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্বরিশ সরকার, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শংকর সরকার, গঙ্গারামপুর শহর তৃণমূল মহিলা সভাপতি বিভা ধর সাহা,তৃণমূল নেতা মৃণাল সরকার, জেলা আইএনটিটিইউসি সভাপতি নামিজুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা।সভায় মূলত মহিলা ভোটারদের সংগঠিত করা, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্য তুলে ধরা এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আহ্বান জানানো হয়। যেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন,”মহিলাদের জন্য আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করেছে। সেই সাফল্যের খতিয়ান গুলো মহিলাদের মধ্য দিয়ে সমাজে তুলে ধরার জন্য সংগঠনের মহিলা নেতৃত্বদের ও কর্মীদের একত্রিত করা হয়েছে।ভোটে তৃণমূলের মহিলা নেত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবারের ভোটে।”
সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দাস বলেন,”রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং নারীকল্যাণমূলক প্রকল্পগুলিকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে হবে।মহিলাদের অংশগ্রহণই আগামী নির্বাচনে বড় ভূমিকা নেবে।”
সভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের সভা সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।