ভোট ঘোষণার আগেই বালুরঘাটে ‘চমক’, বিজেপিতে আইনজীবী বিদ্যুৎ রায়—প্রার্থী জল্পনায় দলের অন্দরে ক্ষোভ

0
79

বালুরঘাট, ১৫ মার্চ —- ভোট ঘোষণার আগমুহূর্তে বালুরঘাটে বিজেপির অন্দরে নতুন সমীকরণ। পদ্মশিবিরে যোগ দিলেন বালুরঘাট কোর্টের পরিচিত আইনজীবী বিদ্যুৎ কুমার রায়। রবিবার শহরের বিজেপির জেলা কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার। কিন্তু এই যোগদানকে ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা—তবে কি বালুরঘাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন বিদ্যুৎ রায়? আর সেই সম্ভাবনাকেই ঘিরে দলের অন্দরে ছড়িয়েছে চাপা ক্ষোভের সুর।
দলীয় সূত্রে খবর, বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীর পরিবর্তে নতুন মুখ হিসেবে বিদ্যুৎ রায়ের নাম সামনে এসেছে দলের একাংশের আলোচনায়। ভোটের ঠিক আগে তাঁর দলে যোগদান অনেকের কাছেই সেই ইঙ্গিতকেই আরও জোরালো করেছে। যদিও প্রার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ বিজেপি নেতৃত্ব।
তবে দলীয় অন্দরে ভিন্ন ছবি। দীর্ঘদিন ধরে সংগঠনের হয়ে কাজ করে যাওয়া নেতা–কর্মীদের একাংশের অভিযোগ, হঠাৎ করেই সংগঠনের বাইরের একজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংগঠনের পুরনো মুখদের উপেক্ষা করে সম্ভাব্য প্রার্থী হিসেবে নতুন কাউকে তুলে ধরার খবর ছড়িয়ে পড়তেই দলের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই অসন্তোষের প্রতিফলনই দেখা গিয়েছে সম্প্রতি জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে। যদিও বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন।
এ দিন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার বলেন, “বালুরঘাট কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ কুমার রায় আজ বিজেপিতে যোগদান করেছেন। তাঁর সঙ্গে প্রায় ৫০ জনের একটি দল রয়েছে। সময়ের স্বল্পতার কারণে আজ সবাই উপস্থিত থাকতে পারেননি। খুব শিগগিরই তাঁর সহযোগীরাও আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।

অন্যদিকে বিদ্যুৎ রায়ের দাবি, তিনি এতদিন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। সমাজসেবামূলক কাজের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। তাঁর কথায়, “আজ প্রায় ৫০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিলাম। তাঁদের মধ্যে আইনজীবী ও সমাজকর্মীরাও রয়েছেন। আজ থেকেই দলের হয়ে প্রচারে নামব।

ভোটের মুখে এই যোগদান যে বালুরঘাটে বিজেপির অন্দরের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে, তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরাও।