বালুরঘাট, ১৫ মার্চ —- আইপিএলের আদলে আয়োজিত প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনাল ম্যাচে জমে উঠল বালুরঘাট স্টেডিয়াম। টানটান উত্তেজনার মধ্যেই রবিবার বিকেলে শেষ হল প্রতীক্ষিত ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে চ্যাম্পিয়নের মুকুট উঠল ব্যালিস্টিক ইলেভেন বালুরঘাট দলের মাথায়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ১৪৫ রানের লক্ষ্য দাঁড় করায় ব্যালিস্টিক ইলেভেন। শুরুটা ভালো হলেও মাঝের ওভারে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। তবু শেষ পর্যন্ত লড়াকু ইনিংসের জোরে প্রতিপক্ষের সামনে লড়াই করার মতো রান তুলতে সক্ষম হয় তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যালিস্টিকের বোলিং আক্রমণের মুখে ছন্দ হারায় পতিরাম পাইথনস। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। ফলে নির্ধারিত কুড়ি ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় দলটি। এর মধ্য দিয়েই ফাইনাল ম্যাচ জিতে ট্রফি দখল করে নেয় ব্যালিস্টিক ইলেভেন।
চ্যাম্পিয়ন দলের হাতে প্রো টি-টোয়েন্টি লিগ কর্তৃপক্ষের তরফে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। রানার্স পতিরাম পাইথনসের হাতে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকার চেক ও ট্রফি।
বিজয়ী দলের সদস্য কিংশুক সাহা ও তুহিন গুহ জানান, ফাইনাল ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছিল দল। সেই প্রচেষ্টার ফলেই চ্যাম্পিয়নের খেতাব জিততে পেরেছে তারা।
লিগের আয়োজক অমরনাথ ঘোষ জানান, আট দলের এই প্রতিযোগিতা দর্শকদের মধ্যে দারুণ সাড়া পড়েছে। আগামী দিনে আরও বড় ও জমকালো আয়োজনের লক্ষ্য নিয়েই এগোতে চাইছেন তাঁরা।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রফি ব্যালিস্টিক ইলেভেনের ঝুলিতে, বালুরঘাটে প্রো টি-টোয়েন্টি লিগের জমজমাট...























