মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ স্কুলের হাঁড়িতে! উধাও গ্যাস, দক্ষিণ দিনাজপুরে বন্ধের মুখে মিড ডে মিল

0
32

বালুরঘাট, ১১ মার্চ — মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি এসে পড়ল জেলার স্কুলের রান্নাঘরে। রান্নার গ্যাসের তীব্র সংকটে দক্ষিণ দিনাজপুর জুড়ে বুধবার একপ্রকার হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার সদর শহর বালুরঘাট থেকে গ্রামাঞ্চল—প্রায় সর্বত্রই একই ছবি। গ্যাস না পাওয়ায় একাধিক স্কুলে বন্ধ হয়ে গেল মিড ডে মিলের রান্না। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের নির্দেশ মেনে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে ড্রাই ফুড ও প্যাকেটজাত খাবার।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বালুরঘাটের বিভিন্ন স্কুলে। গ্যাসের অভাবে বুধবার বালুরঘাট হাইস্কুলে বন্ধ রাখতে হয় মিড ডে মিলের রান্না। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় কেক ও ফল। একই পরিস্থিতি তৈরি হয়েছে বাদামাইল হাইস্কুলেও। স্কুল কর্তৃপক্ষের আশঙ্কা, গ্যাসের জোগান না মিললে বৃহস্পতিবার থেকে মিড ডে মিল সম্পূর্ণভাবে চালানোই কঠিন হয়ে পড়বে।
শুধু মিড ডে মিল নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে স্কুলের আদিবাসী ছাত্রাবাসেও।

বাদামাইল হাইস্কুলের প্রধান শিক্ষক অসিতবরণ লাহিড়ী জানান, গ্যাস না পাওয়ায় প্রায় পাঁচশো ছাত্রের জন্য রান্না করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। বিশেষ করে ছাত্রাবাসের পড়ুয়াদের খাবারের ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। আপাতত বিকল্প ব্যবস্থা হিসেবে উনুনে রান্না শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মিড ডে মিলের জন্য প্রশাসনের কাছে ড্রাই ফুড দেওয়ার আবেদনও করা হয়েছে।

অন্যদিকে, বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানান, গ্যাসের অভাবে রান্না করা সম্ভব না হওয়ায় প্রশাসনের নির্দেশ মেনে পড়ুয়াদের ড্রাই ফুড দেওয়া হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সমস্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

স্কুলের দুই পড়ুয়া সুরজিৎ সাহা ও প্রীতম রায় জানায়, এদিন তাদের স্কুলে মিড ডে মিলের রান্না হয়নি। তার বদলে কেক ও ফল দিয়েই দুপুরের খাবার সারতে হয়েছে।

হঠাৎ গ্যাস সংকটে জেলার স্কুলগুলিতে তৈরি হয়েছে অনিশ্চয়তার পরিবেশ। এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে স্কুল কর্তৃপক্ষ।