রহস্যময় আগুনে পুড়ে ছাই তিন দোকান, ভোরের বালুরঘাটে আতঙ্ক

0
36

বালুরঘাট, ২৬ ফেব্রুয়ারী —- ভোরের নিস্তব্ধতা ভেঙে আচমকাই দাউদাউ আগুন। মুহূর্তে পুড়ে ছাই বালুরঘাট শহরের ব্রীজ কালী এলাকার একাধিক দোকান। বৃহস্পতিবার ভোররাতে ঘটে যাওয়া এই রহস্যময় অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্যবসায়ীদের একাংশের দাবি, দোকানের নিচ থেকেই আগুনের সূত্রপাত—ফলে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রেয়ী খাড়ির উপর কাঠ ও সিমেন্টের পিলারের ভরসায় তৈরি ছিল কয়েক দশক পুরোনো তিনটি দোকান। নিচের অংশ ছিল সম্পূর্ণ ফাঁকা। সেখানেই জমে থাকা আবর্জনা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত আগুন—দুটির কোনও একটিই ঘটনার নেপথ্যে থাকতে পারে বলে অনুমান ক্ষতিগ্রস্তদের।
ভোর প্রায় চারটে নাগাদ পোড়া গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দা সৌরভ সাহা। তাঁর খবরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কাঠ, স্টিল ও নির্মাণ সামগ্রীর তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিমাদ্রি ভগৎ জানান, বছরখানেক আগে খোলা তাঁর দোকানে প্রায় ৮–১০ লক্ষ টাকার মাল মজুত ছিল, যার সবটাই পুড়ে গিয়েছে। তাঁর দাবি, মাঝখানের কাঠের দোকান থেকেই আগুন ছড়ায় দুই পাশের দোকানে, এবং আগুনের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে নিচের অংশে।
আরেক ব্যবসায়ী নিশীথ পালের কথায়, ২০ বছরের পুরোনো দোকান নতুন করে সাজিয়ে চালুর প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগেই সর্বস্বান্ত হতে হল।
ব্যবসায়ীদের দাবি, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা। আশেপাশে থাকা আরও সাত-আটটি দোকান অল্পের জন্য বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকায় জোরদার হয়েছে তদন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here