ভোটের মুখে ‘আকাশপথ’ তাস! ফের বালুরঘাটে বিমানবন্দর চালুর দাবিতে দিল্লি দৌড় সুকান্তর

0
50

বালুরঘাট, ১২ ফেব্রুয়ারী —– বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় ফের উড়াল রাজনীতি। বালুরঘাটে নিয়মিত বাণিজ্যিক বিমান পরিষেবা চালুর দাবিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দিল্লিতে মন্ত্রী কিন্জারাপু রামমোহন নাইডুর সঙ্গে বৈঠক করে দ্রুত পরিষেবা শুরুর আর্জি জানান তিনি।
চিঠিতে সুকান্তের দাবি, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরের একাংশ নিয়ে গঠিত তাঁর সংসদীয় এলাকা এখনও শিল্প-বাণিজ্যে পিছিয়ে। উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে আকাশপথে যোগাযোগ অত্যন্ত জরুরি। পরিকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও কেন উড়ান শুরু হয়নি, সে প্রশ্নও তোলেন তিনি। আগে কলকাতা-মালদহ-বালুরঘাটে হেলিকপ্টার পরিষেবা চালু ছিল এবং কলকাতা-মালদহ-বালুরঘাট-কোচবিহার রুটের প্রস্তাব উঠলেও তা বাস্তবায়িত হয়নি বলেও স্মরণ করান সাংসদ।
লোকসভায় বিষয়টি তোলার কথাও উল্লেখ করে তিনি কোচবিহার-বালুরঘাট-কলকাতা বা গুয়াহাটি রুটে উড়ান চালুর প্রস্তাব দেন। জমি সংক্রান্ত জট কাটাতে কেন্দ্রের সক্রিয় হস্তক্ষেপ চান তিনি।
জেলার ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের মতে, বিমান পরিষেবা চালু হলে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে, দ্রুত যাতায়াতের সুবিধা মিলবে এবং বৃহত্তর বাজারের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় হবে। তবে ভোটের আগে এই তৎপরতা কতটা বাস্তব রূপ পায়, এখন তাকিয়ে সেদিকেই বালুরঘাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here