সন্ধ্যাতেও খুলছে চিকিৎসার দুয়ার! বালুরঘাট জেলা হাসপাতালে চালু সান্ধ্যকালীন আউটডোর পরিষেবা

0
45

বালুরঘাট,৫ জানুয়ারী —-দিনের কাজ শেষে এবার সন্ধ্যাতেও মিলবে হাসপাতালের চিকিৎসা পরিষেবা। দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের বহুদিনের চাহিদা পূরণ হতে চলেছে বালুরঘাট জেলা হাসপাতালে। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুক্রবার থেকেই চালু হচ্ছে সান্ধ্যকালীন আউটডোর বা ওপিডি পরিষেবা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই সুখবর জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
এতদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্তই সীমাবদ্ধ ছিল জেলা হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা। ফলে দিনমজুর, ঠিকা শ্রমিক ও কর্মরত বহু মানুষ কাজের চাপে চিকিৎসা করাতে পারতেন না। সেই সমস্যার সমাধান করতেই বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে ওপিডি পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রোগীদের জন্য টিকিট দেওয়া হবে। টিকিট যতক্ষণ থাকবে, ততক্ষণ চিকিৎসকেরা রোগী দেখবেন। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে নির্দিষ্ট দিনে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ এই পরিষেবা দেবে। মঙ্গলবার ও শুক্রবার মেডিসিন বিভাগ, সোমবার ও বুধবার পেডিয়াট্রিক বিভাগ এবং বৃহস্পতিবার ও শনিবার গাইনোকলজি বিভাগের চিকিৎসকেরা রোগী দেখবেন।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, জেলা স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেনের নির্দেশ ও স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখেই সন্ধ্যাকালীন ওপিডি চালু করা হচ্ছে। মানুষের সাড়া ভালো হলে ভবিষ্যতে আরও বিভাগ যুক্ত করে পরিষেবার পরিসর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
নতুন এই ব্যবস্থায় জেলার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় বড়সড় স্বস্তি আসবে বলেই আশা স্বাস্থ্য দপ্তরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here