পথশ্রী প্রকল্পে তপন ব্লকের আজমাতপুরে সাড়ে তিন কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা, গ্রামবাসীদের স্বস্তি

0
30

পথশ্রী প্রকল্পের আওতায় তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের প্রতীক্ষিত পাকা রাস্তার কাজের সূচনা হল। সোমবার পেন্ডাপাথার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তর বজরাপুকুর পেন্ডাপাথার থেকে ভুতপাড়া মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার পাকা রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। নারকেল ফাটিয়ে এই উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, জেলা পরিষদের সদস্য লিপিকা রায়, আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায়, সমাজসেবী শাদুর্ল মিত্র, সমীর রাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন এবং গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেন।
জানা গেছে, রাস্তা নির্মাণের জন্য প্রায় ২ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এতদিন এই রাস্তা কাঁচা থাকায় বর্ষাকালে চলাচলে চরম অসুবিধার মুখে পড়তে হত গ্রামবাসীদের। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, অসুস্থ রোগী ও নিত্যযাত্রীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন। পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা তৈরি হলে আজমাতপুর সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহণ ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও সুবিধা বাড়বে। গ্রামবাসীদের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে এই এলাকার দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here