ফর্ম সেভেন ঘিরে প্রশাসনিক দপ্তরে রাজনৈতিক সংঘাত, বালুরঘাটে মুখোমুখি তৃণমূল–বিজেপি

0
77

ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট সদর মহকুমা শাসকের দপ্তর। সোমবার নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করার পরেও ফর্ম গ্রহণ করা হচ্ছে—এই অভিযোগে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে কার্যত হস্তক্ষেপ করতে হয়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ফর্ম সেভেন গ্রহণ সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। দলের দাবি, একজন ব্যক্তি কেবলমাত্র একটি ফর্ম সেভেনই জমা দিতে পারেন। পরিবারের একাধিক সদস্য থাকলে প্রত্যেককে আলাদা করে ফর্ম জমা দিতে হবে, কোনওভাবেই একজনের মাধ্যমে একাধিক ফর্ম গ্রহণযোগ্য নয়। বালুরঘাট টাউন তৃণমূলের সভাপতি সুভাষ চাকি বলেন, “নিয়ম ভেঙে একটি ফর্মও জমা নেওয়া হলে আমরা মেনে নেব না।”
অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের বাধা ও চাপের কারণেই বহু সাধারণ মানুষ নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দিতে পারেননি। বিজেপির রাজ্য মোর্চার ওবিসি সেলের সভাপতি শুভেন্দু সরকার জানান, গোটা বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে জানানো হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।